ঢাকা, জুন ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সরকারের জন্য 'অলীক কল্পনা' বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। সেইসঙ্গে তারা বাজেটে বিভিন্ন পণ্যের ওপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাবেরও বিরোধিতা করেছে।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় বলেছে, "জিডিপি'র হার বিবেচনায় সরকারি বিনিয়োগ নিুমুখী। বেসরকারি বিনিয়োগও স্থরির। এই পরিস্থিতিতে আগামী অর্থ বছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির প্রক্ষেপণ অলীক কল্পনা মাত্র। বাজেট বাস্তবায়নে উল্লেখ্যযোগ্য গতিশীলতা না আনতে পারলে প্রক্ষেপিত ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।''
গত ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে বিএনপির পক্ষ থেকে বিকালে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক কৃষি মন্ত্রী এম কে আনোয়ার লিখিত বক্তব্যে বলেন, " প্রস্তাবিত বাজেটটি কথামালার ফুলঝুড়ি, অনেকটাই সুলিখিত রূপকথার মতো। এতে স্বপ্ন আর কল্পনার আবেগ আছে, বাস্তবতার মুখোমুখি হয়ে সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনার নেই।''
এর আগে ১০ জুন বাজেট ঘোষণা পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন
প্রস্তাবিত বাজেটকে 'অতি উচ্চাভিলাষী' বলে আখ্যায়িত করেছিলেন।
সোমবার বাজেট পর্যালোচনায় বিএনপি বলেছে, প্রস্তাবিত বাজেটের আকার প্রয়োজনের তুলনায় অপ্রতুল, বাস্তবায়ন ক্ষমতার তুলনায় তা উচ্চাভিলাষী। কর অবকাশ, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি, আয়কর রেয়াত, মূলধন প্রত্যাবর্তন প্রভৃতি সুবিধা দেওয়া সত্ত্বেও দেশি-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট হয়নি।
এতে আরো বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ফলাফল শূন্য হওয়া সত্ত্বেও এখাতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ৫শ' কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। একে কার্যকর করতে আরও একটি সংস্থা সৃষ্টি করা হচ্ছে-'বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল'।
বিএনপি মনে করেন, প্রায় সব ভোগ্যপণ্যের মূল্য গত এক বছরে ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বেড়েছে। ক্যাশ রিজার্ভ রিকোয়্যারমেন্ট (সিআরআর) ও স্টেশনারি লিকুইডিটি রেশিও ( এসএলআর) বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা উৎপাদনমুখী কর্মকান্ডে অর্থপ্রবাহে বিরূপ প্রভাব ফেলতে পারে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পণ্য দ্রব্য সরবারহ বাড়াতে না পারলে নতুন অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশ বজায় রাখা সরকারের পক্ষে সম্ভব হবে না।
কালো টাকার বিষয়ে বিরোধী দলের অভিমত হলো- অর্থমন্ত্রীর ভাষায় বিনিয়োগকৃত অর্থ যদি অপ্রদর্শিত আয় হয়, তাহলে আবারো দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সৎ করদাতাদের নিরুৎসাহিত করা হবে। কালো টাকা সাদা করা নিয়ে লুকোচুরি করা হয়েছে বলে অনেকে মনে করে।
বিএনপির বাজেট পর্যালোচনায় বলা হয়, বাজেট বাস্তবায়নে সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাদিহিতা, দক্ষতা প্রয়োজন। প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ।
দলটির অভিযোগ, বাজেটে সরকারি দলের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। প্রধানমন্ত্রী ও মস্ত্রিসভার সদস্যদের সম্পদের হিসাব ও আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করার অঙ্গীকার থেকেও তারা এখন সরে গেছে।
জলাবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গত বছরের বরাদ্দ ৭ শ' কোটি টাকার ব্যয় সর্ম্পকে এম কে আনোয়ার বলেন, ''ওই অর্থের মধ্যে এপ্রিল পর্যন্ত মাত্র ৩১৯ কোটি খরচ হয়েছে। বাকী অর্থ ব্যয় হয়নি। আগামী অর্থবছরেও জলবায়ু পরিবর্তনের বাজেটে ৭ শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সিডর ও আইলা বিধ্বস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনের কোনো কার্যক্রম বাজেটে নেই।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী অর্থবছরের বাজেটে মোট ৬,১১৫ কোটি টাকা বরাদ্দের সুফল জনগণের জন্য 'সোনার হরিণ' হতে পারে বলে মনে করে প্রধান বিরোধী দল।
এর সমালোচনা করে দলটি বলেছে, বরাদ্দের বড় অংশ ব্যয় হবে বেশি দামে ভাড়ায় বিদ্যুৎ কিনতে। বিদ্যুৎ উৎপাদনে বাজেটে দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নেই। পেনসন সঞ্চয়ের সুদের ওপর প্রস্তাবিত বাজেটে আয়কর আরোপ পেনসনভোগীদের দুর্ভোগে ফেলবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের মূলধনী মুনাফার ওপর করারোপ এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে কোনো কর ধার্য না করার নীতির সমালোচনা করে একে ' বৈষম্যমূলক' বলেছে বিএনপি। প্রাইমারি শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রিমিয়ামের ওপর ৩ শতাংশ কর আরোপ 'যথায়থ নয়' মন্তব্য করে বিএনপি বলেছে, এ ধরনের কর পুঁজিবাজারের বিকাশ ব্যাহত করবে।
নিত্যপণ্য, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্র ছাড়া সব পণ্যের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে অগ্রীম আয়কর ৩ শতাংশ থেকে ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। দলটি মনে করে, এতে ৩ হাজারেরও বেশি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী পর্যায়ে মূশক (ভ্যাট) দেড় শতাংশ থেকে ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে বলা হয়, এই করের বোঝা সরাসরি ভোক্তাদের ওপর পড়বে।
বাজেটে যানজট কমানোর জন্য সিএনজি'র দাম বৃদ্ধি, ছোট গাড়ির ওপর শুল্ক বৃদ্ধির ফলে নিু ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে বলে মনে করে বিএনপি।
আগামী বাজেটে কৃষি বীমার যে প্রস্তাব অর্থমন্ত্রী রেখেছেন বাজেটে সেব্যাপারে কোনো বরাদ্দ নেই বলে অভিযোগ করেন সাবেক কৃষি মন্ত্রী এম কে আনোয়ার ।
তিনি উল্লেখ করেন যে, সেচ ও জলাবদ্ধতা নিরসনে ৩শ' কোটি টাকা বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ কম।
চার দলীয় জোট সরকারের আমলে কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে
দাবি করে বিএনপি'র এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, কৃষি খাতে প্রবৃদ্ধি ২০০৫-০৬ অর্থবছরে ৫ দশমিক ২৩ শতাংশ ছিলো। ২০০৯-২০১০ অর্থবছরে তা কমে ৪ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। শিল্পখাতে বরাদ্দ ১০ দশমিক ৭৭ শতাংশ থেকে নেমে এসেছে ৫ দশমিক ৯২ শতাংশে। বিদ্যুৎখাতে ৭ দশমিক ৪৫ শতাংশ থেকে নেমে হয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.
bdnews24