ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের দশ হাজারের বেশি অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি।
এই দশ সহস্রাধিক অনিষ্পন্ন অডিট আপত্তি রয়েছে বিদ্যুৎ বিভাগের ৯টি কোম্পানিতে।
সোমবার এক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।
রাজধানীর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসি) সম্মেলন কক্ষে 'অনিষ্পন্ন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির কৌশল নির্ধারণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
তাপস কুমার জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে মোট দশ হাজার ১শ ৭৩টি অডিট আপত্তি এখনো নিষ্পত্তি করা যায়নি।
তিনি বলেন, "একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীন অডিট ভালোভাবে করা হলে সে প্রতিষ্ঠানের দক্ষতা ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে। একইসঙ্গে অডিট আপত্তির সংখ্যাও অনেক কমে আসে।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "অডিট আপত্তি নিষ্পত্তির মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।"
অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির উপায় বের করার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, "দীর্ঘদিনের পুরান অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং পারষ্পরিক সহযোগিতা বাড়াতে হবে।"
বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ আহমেদ আতাউল হাকিম।
কর্মশালায় বিদ্যুৎ বিভাগ, এর আওতাধীন সংস্থা ও অডিট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24