ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুরাইনে মা ও তার দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে করা মামলায় চার আসামিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে র্যাব।
মামলার এজাহারভুক্ত এই চার আসামিকে সোমবার সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হলেও র্যাব বা গোয়েন্দা পুলিশের (ডিবি) কোনো কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত না করায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
একইদিন আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার করা গাড়ি চালক আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শফিকুল কবির, তার স্ত্রী নুর বানু, মেয়ে কবিতা ও সুখনকে আমরা গ্রেপ্তার করেছি। রাতেই তাদেরকে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"
তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু, মেয়ে কবিতা ও সুখন এবং জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম দাবি করেছিলেন, এই মামলায় সোমবার হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাংবাদিক শফিকুল কবিরের জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয়ে তাদের কিছূ জানা নেই।
সাংবাদিক শফিকুল কবিরের ভাগ্নে মো. নুরুজ্জামান লিটন অভিযোগ করেন, র্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল লোক মামী নূর বানু ও সুখনকে সকাল সাড়ে ১১ টার দিকে সিপাহীবাগের বাসা থেকে হাইকোর্ট আসার পথে আটক করে। পরে হাইকোর্ট এলাকা থেকে মামা শফিকুল কবির ও মামাতো বোন কবিতাকে সাদা একটি মাইক্রোবাসে করে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়।
লিটন আরো অভিযোগ করেন, মামী নূর বানুর মোবাইল ফোন থেকে তাকে জোনাকী সিনেমা হলের সামনে আসতে বলা হয়। সেখান থেকে র্যাব পরিচয়ে একদল লোক তাকে ও অপর তিনজন নিকট আত্মীয়কে গাড়িতে তুলে নেয়। তাদের ইস্কাটন গার্ডেনে নিয়ে গিয়ে একটি সরকারি কোয়ার্টারের লনের সামনে কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।
লিটন বলেন, "তিনি ওই স্থানে তার মামা, মামী ও মামাতো বোনদের দেখেছেন।"
তিনি দাবি করেন, ছেড়ে দেওয়ার সময় তাকে বলা হয়, আটককতৃদের পরে কমদমতলী থানায় হস্তান্তর করা হবে। তাকে কদমতলী থানায় যোগাযোগ করতে বলা হয়। কিন্তু দুপুরের পর তিনি কদমতলী থানায় যোগাযোগ করে জানতে পারেন সেখানে তাদের কাউকে হস্তান্তর করা হয়নি।
তবে র্যাবের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এই চারজনকে আটকের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মঙ্গলবার এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
তবে আটকের বিষয়টি র্যাব তখন নিশ্চিত করেনি।
এরপর বিষয়টি জানার চেষ্টা করলে র্যাবের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
এদিকে, সোমবার সকালে দেলোয়ার হোসেন পাটোয়ারী হাইকোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মো. আব্দুস সামাদের বেঞ্চে হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত তা নাকচ করে দেয়।
মামলার অন্য আসামিরা আগাম জামিনের আবেদন জানালেও আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের ব্যাপারে কোনো আদেশ দেননি।
গত ১১ জুন জুরাইনের কদমতলী থানার আলমবাগ এলাকার বাড়ি থেকে ফারজানা কবির রিতা (৩৫), তার ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েল (১১)-এর লাশ উদ্ধার করে পুলিশ।
রিতার মা মাজেদা বেগম আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু, তাদের ছেলে ও রিতার স্বামী রাশিদুল কবির, মেয়ে কবিতা, সুখন ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি, রাশিদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, গাড়ির চালক আল আমিনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন।
মৃত্যুর আগে রিতা তাদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান।
রাজিয়া সুলতানা স্মৃতির সঙ্গে স্বামী রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই, একথা লেখা একটি কাগজে জোরপূর্বক রাশিদুল স্বাক্ষর নিয়েছে-এই মর্মে একটি অভিযোগও দেয়ালে লেখা রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/আরএ/কেএমএস/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24