ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপের অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি ভবন ও শপিং মলের অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী উন্নয়নর্ র্কতৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে পান্থপথের ১৮ তলা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অংশবিশেষসহ এসব স্থাপনার অবৈধ ও ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়ে বসুন্ধরা গ্র"পকে নোটিশ দিয়েছে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা এবং পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) প্রকৌশলী আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজউক চেয়ারম্যান জানান, ঢাকা মহানগরীর অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া একটি চলমান প্রক্রিয়া। এজন্য রাজউক ইতোমধ্যেই ঢাকা মহানগরীতে চিহ্নিত প্রায় পাঁচ হাজার ভবনের আংশিক বা পুরোটাই ভেঙে ফেলার নোটিশ দিয়েছে। এছাড়াও ৬০টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে বলা হয়েছে।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ বসুন্ধরা গ্র"পের কয়েকটি শপিং মল এবং বসুন্ধরা আবাসিক এলাকর কয়েকটি ভবনও এর মধ্যে রয়েছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স-এ ২০০৯ সালের ১৩ মার্চ অগ্নিকাণ্ডের পর ভবনটির বর্তমান অবস্থা কি তাও রাজউক পরীক্ষা করে দেখার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, বসুন্ধরা গ্রুপকে অনুমোদিত এলাকায় তাদের অবৈধভাবে নির্মিত ভবন, অননুমোদিত এলাকায় নির্মিত ভবন অপসারণের জন্য কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা এতে সাড়া দিচ্ছে না। তাই রাজউক এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
এসব ভবন বা এর অংশবিশেষ ভেঙে ফেলতে রাজউকের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে রাজউক চেয়ারম্যান এবং পরিচালক (পরিকল্পনা) জানান, এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে রাজউক রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।
ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো ভেঙে ফেলার পরই অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভাঙার উদ্যোগ নেওয়া হবে। তবে যদি কোনো কর্তৃপক্ষ নিজেরাই ভেঙে ফেলে তা ভালো। নইলে রাজউকের পক্ষ থেকে ভেঙে ফেলার ব্যয়ও তাদেরই বহন করতে হবে। এক্ষেত্রে বসুন্ধরার এসব স্থাপনাসহ অনেক বড় বড় ভবনও ভেঙে ফেলা হতে পারে বলে তিনি জানান।
রাজউকের বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের ৫৩টি ভবন ও ভবনের অংশবিশেষ এবং শপিং মলের অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য রাজউকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।
রাজউকের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট-এর মালিকানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বেশ কিছু অংশের অনুমোদনই নেওয়া হয়নি রাজউক থেকে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কিছু এলাকার অনুমোদন নিয়ে পুরো এলাকাতেই অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় এমন অন্তত ৪০টি ভবন রয়েছে। এসব ভবন ভেঙে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।
এছাড়াও কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসুন্ধরা রিভারভিউ প্রকল্পেও এ ধরনের অবৈধ ভবন রয়েছে। এসব ভবন দ্রুত ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু বসুন্ধরা কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান আবদুল মান্নান।
এ ব্যাপারে বক্তব্যের জন্য বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তা ভূমি উন্নয়ন বিভাগের দায়িত্বে নিয়োজিত উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১০৮ ঘ.
bdnews24