২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিড়ি শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চারদফা দাবিতে রোববার কয়েক হাজার শ্রমিক রংপুর-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

রংপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চারদফা দাবিতে রোববার কয়েক হাজার শ্রমিক রংপুর-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধ শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর জেলা প্রশাসক বিএম এনামুল হকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১০ হাজার শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে রংপুর শহরের মর্ডান মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় রংপুরের সঙ্গে সাত জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় অবরোধ প্রত্যাহারের আগে মহাসড়কের দুপাশে কয়েকশ যানবাহন আটকে ছিলো। অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আমিন উদ্দিন বিএসসি বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মশিয়ার রহমান রাঙ্গা। তাদের চার দফা দাবির মধ্যে বিড়ি শিল্পকে কুটির শিল্পের আওতায় আনার বিষয়টিও রয়েছে। সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা অভিযোগ করেন, বিড়ির ওপর শুল্ক বৃদ্ধি করায় ২৫ লাখ বিড়ি শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে। এর ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫৪৪ ঘ.