ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রীড ফার্মাসিটিউক্যালসের বিরুদ্ধে ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ১২ জুলাই ধার্য করেছে আদালত।
ঢাকার ঔষধ আদালতের বিচারক মো. আবদুল মজিদ রোববার এ তারিখ ধার্য করেন।
গত ২৬ মে বিচারক রীড ফার্মাসিটিউক্যালসের পরিচালক ও দুই ফার্মাসিস্টকে পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করতে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন আদালতে দাখিলের জন্য রোববার দিন ধার্য করেছিলেন।
পলাতক তিনজন হলেন, রীড ফার্মাসিটিউক্যালসের পরিচালক মো. আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
জামিনপ্রাপ্ত রীড ফার্মার সত্ত্বাধিকারী মিজানুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমান রোববার আদালতে হাজির ছিলেন।
গত বছরের জুন থেকে আগষ্ট পর্যন্ত ওই ফার্মাসিটিউক্যালসের তৈরি প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে।
ওই বছরের ১০ আগস্ট ঢাকার ঔষধ আদালতে মিজানুর রহমান, ও তার স্ত্রী শিউলি রহমান, পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম, এনামুল হকের বিরুদ্ধে মামলা করেন ড্রাগ সুপার শফিকুল ইসলাম।
সেদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রীড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়। বাকি মামলাগুলোর অবস্থা জানা যায়নি।
মিজানুর রহমান হাইকোর্টের নির্দেশনা নিয়ে গত বছর ১২ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।
বিচারক এ এন এম বসিরউল্লাহ তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিজানুর রহমানের স্ত্রী শিউলি রহমান হাইকোর্ট থেকে আগেই জামিন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/কেএমএস/১৪৪৭ ঘ.
bdnews24