ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শনিবার রাতে একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ওই ভবনে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের শো-রুম, গুদাম ও বিক্রয়কেন্দ্র ছিল।
রাত সাড়ে এগারোটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল কর্মকর্তারা ধারণা করছেন।
তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৮ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এই ভবনটিতে বাটারফ্লাইয়ের একটি শো-রুম, একটি বাতি আমদানিকারক প্রতিষ্ঠানের গুদাম ও বিক্রয়কেন্দ্র ও হংকং গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনতলায় অবস্থিত হংকং গার্মেন্টস থেকে রাত সাড়ে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।"
দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ঘটনাস্থল থেকে দমকল বিভাগের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করছি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে এ সময় কোনো মানুষ না থাকায় হতাহতের কোনো আশঙ্কা নেই।"
এ মাসের শুরুতে পুরান ঢাকার নিমতলীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২১ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০১২৭ ঘ.
bdnews24