নাটোর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম স্বল্প সময়ে ও কম খরচে বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় নাটোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বিচারক এবং আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, "দেশ ও জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।"
তিনি বিচারক ও আইনজীবীদের কোনোভাবেই বিচার কাজ প্রলম্বিত না করার অনুরোধ জানান।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হলেও এখনো বিচার প্রার্থীরা এর সুবিধা পুরোপুরি পাচ্ছেন না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, বিচার তরান্বিত করতে বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
তিনি বিচারকদের ঠিক সময়ে আদালতে বসা এবং ঠিক সময়ে এজলাশ থেকে ওঠার নির্দেশ দেন।
আইনজীবীদের বিচার কাজের 'সহযোগী শক্তি' আখ্যায়িত করে করে প্রধান বিচারপতি বলেন, "আপনারা আদালতকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। তবেই বিচার প্রার্থী মানুষ উপকৃত হবে। বিচার বিভাগ সমুন্নত থাকবে।"
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, জেলা জজ আব্দুল মজিদ, আইনজীবী সাজেদুর রহমান খান, সাখাওয়াত হোসেন, পিপি সিরাজুল ইসলাম, বিশেষ পিপি শাজাহান কবীর, হানিফ আলী শেখ ও সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১১১ ঘ.
bdnews24