চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কউন্সিলর প্রার্থীদের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার পর রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন।
নির্বাচনে ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে সকালে এখান থেকে মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তখন বলা হয়, বিকাল ৩টার দিকে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।
মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী বিএনপি সমর্থক চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলমের কাছে ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
সিসিসির সর্বশেষ তালিকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে সহিংসতার খবর পাওয়া যায়নি। সময় বাড়ার সঙ্গে ভোট কেন্দ্রগুলোয় ভোটার সংখ্যা বাড়তে থাকে। এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ই-ভোট চালু হয়েছে।
মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ভোটাররা পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে ব্যালট পেপারে নয়; ইলেকট্রনিক মেশিনে সাটানো প্রতীকের পাশে বোতাম টিপে ভোট দিয়েছেন।
নির্বাচনী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত আছে।
নির্বাচনে একটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্র ছিলো ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ছিলেন ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরবি/কেএমএস/১৭৪৬ ঘ.
bdnews24