২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জুট মিল চালুর দাবিতে বিক্ষোভ

আলীজান জুট মিল চালু ও বকেয়া বেতন ভাতার দাবীতে মিলের শ্রমিকরা শুক্রবার সকালে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

নরসিংদী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলীজান জুট মিল চালু ও বকেয়া বেতন ভাতার দাবীতে মিলের শ্রমিকরা শুক্রবার সকালে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল করে। তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবরে ১১ দফা দাবিযুক্ত স্মারকলিপি দিয়েছে। সহস্রাধিক পুরুষ ও নারী শ্রমিক সকালে আলীজান মিল গেইট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা নরসিংদী সার্কিট হাউজে গিয়ে ১১ দফা দাবিযুক্ত একটি স্বারকলিপি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবরে প্রদান করে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু মিল কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাট না থাকার অজুহাত দেখিয়ে এক মাস আগে লে-অফ ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করে। বুধবার রাত পৌনে ১০ টায় বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, ডিজিএম শরিফ আজাদ, হিসাব কর্মকর্তা দেলোয়ার হোসেন, রপ্তানি কর্মকর্তা হাফিজুর রহমান, শ্রম ও প্রশাসন কর্মকর্তা আবুল হোসেন, যান্ত্রিক প্রকৌশলী বদরুল আলম, বিদ্যুৎ প্রকৌশলী মিজানুর রহমান সহ তাদের পরিবার-পরিজনকে স্টাফ কোয়ার্টারে অবরুদ্ধ করে রাখে এবং ব্যবস্থাপনা পরিচালকের ব্যবহৃত প্রাডো গাড়িসহ ২টি গাড়িতে অগ্নি সংযোগ, স্টাফ কোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মারধর করে। এতে অন্ততঃ ৫০ জন আহত হয়। নরসিংদী সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম নেতৃত্বে শতাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় দমকল কর্মীরা মিলে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অপর দিকে পুলিশ মাইকিং করে শ্রমিকরা মিল থেকে সরে গেছে মর্মে স্টাফ কোয়ার্টারে অবরুদ্ধ কর্মকর্তাদেরকে আশ্বস্ত করার পর পরিবার-পরিজন নিয়ে তারা রাস্তায় নেমে আসে। পরে তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকরা মিল চালু দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে স্থানীয় প্রশাসন মিল গেইটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩২ ঘ.