নাটোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈশ্বরদী-লালপুর মহাসড়কে নাটোরের লালপুরে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে লালপুর উপজেলার পালিদেহায় পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন কণ্ঠশিল্পী আইনউদ্দিন আল আযাদ (৫২)। অপরজন প্রাইভেট কার চালক আসলাম শেখ (৪০)।
লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনউদ্দিন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুক্রবার সকালে প্রাইভেট কারে ঢাকা থেকে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক হয়ে রাজশাহী যাচ্ছিলেন।
তিনি জানান, গাড়িটি পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়।
গুরুতর আহতাবস্থায় আইন উদ্দিনকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাড়ির ভিতর থেকে চালক আসলাম শেখের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন ও লালপুর দমকল বাহিনীর সদস্যরা।
ওসি তোরিকুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। এর চালাক ও হেল্পার পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আইন উদ্দিনের শিষ্য লালপুরের বাসিন্দা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।
আইন উদ্দিন ঢাকার নয়াপল্টনে থাকতেন। তিনি সাংস্কৃতিক সংগঠন 'কালারা'র প্রধান পরিচালক এবং 'সুরকেন্দ্রে'র ব্যবস্থাপনা পরিচালক।
তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলা সদরের হাজরাতলা মহল্লায়। দামামা, অচিন পাখী, কবর পথের যাত্রীসহ তার প্রায় ৫০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭১৬ ঘ.
bdnews24