চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৫২৩ কেন্দ্রের ফলাফলে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষর করছেন না বলে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগকে 'ভিত্তিহীন' বলেছেন নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু চট্টগ্রাম জেলা ক্রীড়া কমপ্লেক্সে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে এ অভিযোগ করেন।
তিনি বলেন, "২৫০টি কেন্দ্রের ফলাফলে স্বাক্ষর করেছেন প্রিসাইডিং অফিসাররা। এ কেন্দ্রগুলোতে মনজুর আলম ৫০ হাজারের বেশি ভোট জিতেছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলে স্বাক্ষর করছেন না প্রিসাইডং অফিসাররা। ওই কেন্দ্রগুলোর মধ্যে ৯০ শতাংশ কেন্দ্রেই মনজুর আলম জয়ী হয়েছেন।"
আমীর খসরু দাবি করেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছেন।
তার এ দাবিকে 'সম্পূর্ণ মিথ্যা' আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচলনা কমিটির সভাপতি ইসহাস খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করছেন। সম্পূর্ণ ফলাফল ঘোষণা শেষ হলে তখনই বোঝা যাবে কে জিতেছে আর কে হেরেছে।"
আমীর খসরুর অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার ছহুল হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, এবং আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।"
সারাদেশের মানুষ দেখেছে কিভাবে নির্বাচন হয়েছে- এই মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে না নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।"
রাতের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/০১০৮ ঘ.
bdnews24