খাগড়াছড়ি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. জয়নাল আবেদীন মেয়রের দায়িত্ব ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভায় সব কাউন্সিলরদের উপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত মেয়র মো. আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
এর গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া এক চিঠিতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেন আনোয়ার হোসেনকে।
দুর্নীতির অভিযোগে ১১ কাউন্সিলরের অনাস্থার পরিপ্রেক্ষিতে এ বছরের গত ১১ মার্চ সরকার তাকে মেয়ররর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। ভারপ্রাপ্ত মেয়র বানায় আনোয়ার হোসেনকে।
পরে ৩ জুন ২০১০ তিনি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট সরকারের আদেশ অবৈধ ঘোষণা করে জয়নাল আবেদীনকে পুনর্বহালের আদেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে সমবায় মন্ত্রণালয় গত ১৪ জুন এক আদেশে জয়নাল আবেদীনকে মেয়রের দায়িত্ব পালন করতে বলে।
এ ব্যাপারে মেয়র মো. জয়নাল আবেদীন বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ হাইকোর্টে মিথ্যা প্রমাণিত হওয়ায় আমাকে পুনরায় মেয়র পদে পুনর্বহাল করেছে কোর্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24