ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ও ফরিদপুরে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে।
এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারণ গ্রামে মারা গেছেন দুজন। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন অভয়তলা গ্রামে একজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, নিহতের নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি অভয়তলা গ্রামের সাজ্জাদ সরদারের ছেলে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির সময় উঠোনে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শফিক।
ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গার পরারণ গ্রামের মারা গেছেন মো. কাবিল (২৫) ও মনিরুল ইসলাম (২৫)। এদের বাড়ি নাটোরের মানিকপুর গ্রামে।
ভাঙ্গা ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাবিল ও মনিরুল পরারণ গ্রামের জালাল ফকিরের জমিতে কাজ করছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা মাঠ থেকে বাড়ি চলে যান। সেখানে বজ্রপাতে তারা মারা যান।
তিনি জানান, দুটি লাশই নিহতদের সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন থেকে লাশ বাড়িতে নেওয়ার জন্য প্রত্যেককে তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24