২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদেরকে সম্পদের হিসাব দিতে হবে না

সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যদেরকে সম্পদের হিসাব দিতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যদেরকে সম্পদের হিসাব দিতে হবে না। নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে আগে দেয়া তথ্য এবং জাতীয় রাজস্ব বোর্ডে দেয়া কর সংক্রান্ত নথি থেকে এ হিসাব নিতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়কে। আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভূক্ত না থাকলেও মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ আলোচনার বিষয়টি স্বীকার করেছেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত দুটি আইনের খসড়া নিয়ে আলোচনার এক পর্যায়ে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব দেয়ার বিষয়টি আলোচনায় আসে। এ সময় অর্থমন্ত্রী যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের হিসাব জমা দেওয়ার তাগিদও দেন। তবে অন্যদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়। মন্ত্রিসভার অন্য সদস্যরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীই তাদের সব ধরণের সম্পদের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এছাড়াও মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সাংসদরা প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তাদের কর দেন। সেখানেই তাদের কর ও সম্পদ সংক্রান্ত সকল তথ্য জমা রয়েছে। এরপরও নতুন করে অর্থ মন্ত্রণালয়ে সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত নয়। বরং মন্ত্রণালয় সেখান থেকেই তথ্য নিতে পারে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে একমত পোষণ করেছেন বলে স্বীকার করে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জাতীয় রাজস্ব বোর্ড এবং নির্বাচন কমিশন থেকে সম্পদের হিসাব নেয়ার পরামর্শ দেন। ফলে আর এ চারটি পর্যায়ের কাউকে সম্পদের হিসাব দিতে হচ্ছে না। সূত্র জানায়, মন্ত্রিপরিষদের সভায় বেসরকারি ব্যাংকগুলোর উচ্চ সুদ ও সার্ভিস চার্জ কমাতে এবং গ্রাম পর্যায়ে এসব ব্যাংকের কার্যক্রম ছড়িয়ে দেয়ার বিষয়েও আলোচনা করা হয়। এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে পরামর্শ দেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৯১৩ ঘ.