চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) ২০টি কেন্দ্রে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলমের পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেওয়ান হাটে মনজুরের নির্বাচনী কার্যালয় থেকে টেলিফোনে আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন ও দলীয় লোক দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে। এ পর্যন্ত ২০টি কেন্দ্রের খবর আমরা পেয়েছি যেখানে মনজুরের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।"
কোথাও কোথাও মনজুরের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে সকালে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান একই ধরনের অভিযোগ করেছিলেন।
ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, প্রার্থীরা ফলাফল মেনে নেবেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, "আমরা এখনো বিভিন্ন কেন্দ্রের খোঁজ-খবর নিচ্ছি। সার্বিক বিষয় জানার পর নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না তা বলা যাবে।"
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, "মনজুরের পক্ষে মানুষের যে গণজোয়ার দেখেছি তাতে জনগণের রায় আনারসের পক্ষে যাওয়ার কথা। আমরা জনরায়ের অপেক্ষায় আছি। সেই সঙ্গে এ রায় সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পেরেছে কি না তা-ও দেখছি।"
বৃহস্পতিবার বেলা সাড়ে ৯ টার দিকে নগরীর উত্তর কাট্টলী হাজি দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মনজুর। এ সময় নোমান তার সঙ্গে ছিলেন।
সেখানে নোমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, "আমি খবর পেয়েছি, হাজি পাড়া, ঝরনা পাড়াসহ কয়েকটি কেন্দ্রে এম মনজুর আলমের পক্ষের নারী পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।"
এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়টি রিটার্নিং অফিসার জেসমিন টুলীকে টেলিফোনে জানানো হয়েছে।"
অবশ্য এ সময় তার পাশে থাকা মনজুর সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত ভোট সুন্দরভাবেই হচ্ছে। অনিয়মের কোনো খবর পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএইচসি/এজে/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24