২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ রোববার থেকে

'কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০' আগামী রোববার থেকে দেশব্যাপী পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০' আগামী রোববার থেকে দেশব্যাপী পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সপ্তাহের উদ্বোধন করবেন। কারিগরি শিক্ষা সম্পর্কে জনমত সৃষ্টি, কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবলের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের লক্ষ্যে এই প্রথম দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালনে কারিগরি শিক্ষা অধিদপ্তর সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচীর মধ্যে রয়েছে ১৯ জুন সকাল সাড়ে ৮ টায় জাতীয় যাদুঘর-শিশু পার্ক-মৎস্যভবন হয়ে শহীদ মিনার পর্যন্ত র‌্যালী। সপ্তাহ উদ্বোধনীর পর ২০ জুন সকাল সাড়ে ১১ টা থেকে ১ টা পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর নির্মিত বিভিন্ন ভিডিও প্রদর্শন, দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কারিগরি শিক্ষার বর্তমান সংস্কার কার্যক্রম বিষয়ে পলিটেকনিক ইনষ্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা সভা, ২১ জুন বিকাল ৩ টায় পূর্বানী হোটেলে 'শিল্প সম্পৃক্ত সুযোগ ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনার, ২৩ জুন সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব' শীর্ষক গোল টেবিল বৈঠক এবং বিকাল ৩ টায় নায়েম মিলনায়তনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা 'সামাজিক দৃষ্টিভঙ্গী ও জনসচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জুন বিকাল ৩ টায় আইডিইবি মিলনায়তনে 'বৈদেশিক কর্মসংস্থানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা' শীর্ষক সেমিনার, ২৫ জুন বিকাল সাড়ে ৩ টায় কলেজ অব টেক্সটাইল টেকনোলজি মিলনায়তনে 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয়' এবং ২৬ জুন আইডিইবি মিলনায়তনে সকাল ১০ টায় 'দক্ষ মানবসম্পদ উন্নয়নে বেসরকারি কারিগরি শিক্ষার ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ সপ্তাহ উপলক্ষ্যে ২০ জুন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১৩৭ ঘ.