সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে সিলেটের ৮ টি উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
বন্যা দুর্গত উপজেলাগুলো হচ্ছে- বিয়ানীবাজার, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ।
পানিতে তলিয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে বিয়ানীবাজার ও জকিগঞ্জের সড়ক যোগাযোগ গত সোমবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।
সরকারিভাবে ২৩ টি আশ্রয়কেন্দ্র খোলা হযেছে। এর মধ্যে বিয়ানীবাজারে ১৬ টি, বালাগঞ্জে ১ টি, ফেঞ্চুগঞ্জে ২ টি, গোলাপগঞ্জে ২ টি ও দক্ষিণ সুরমায় রয়েছে ২ টি আশ্রয়কেন্দ্র।
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ১২ টি উপজেলার মধ্যে ৮ টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, এ সব উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ওই সব এলাকায় পানি এখনো বাড়ছে। ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
ইকবাল হোসেন জানান, দুর্গত এলাকায় এ পর্যন্ত ৩শ ৫৯ মেট্রিকটন চাল ও নগদ ৭ লক্ষ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৭০ পিস শাড়ী ও ৭৫ পিস লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা অববাহিকায় বন্যার প্রকোপ বেশি।
বুধবার দুপুরে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিন জানান, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ১৫ সেন্টি মিটার, কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ০৯ মিটার, কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ১ দশমিক ১ মিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরো জানান, সিলেটে ১৩ মিলিমিটার, কানাইঘাটে ১৬ মিলিমিটার ও বিয়ানীবাজারে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুর্গত ৮টি উপজেলার বন্যা পরিস্থিতির সার্বক্ষনিক খোঁজ নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭৩৫ঘ.
bdnews24