ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাশ্রয়ের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবেলায় আগামী শনিবার সরকারিভাবে বিদ্যুৎ সাশ্রয়ী কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল) বাল্ব বিতরণ করা হবে।
প্রাথমিকভাবে এদিন দেশের ২৭টি জেলার বিভিন্ন অংশে প্রায় ৫৫ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হবে।
বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, এমন ব্যক্তিরা ব্যবহৃত সচল বাল্ব জমা দিয়ে সর্বোচ্চ চারটি পর্যন্ত সিএফএল বাল্ব নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সচিব আবুল কালাম আজাদ এবং জ্বালানী সচিব মেজবাহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহী জানান, ইফিসিয়েন্ট লাইটিং ইনিসিয়েটিভ ফর বাংলাদেশ প্রকল্পের অধীনে দুটি পর্বে প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে বিশ্বব্যাংকের মাধ্যমে পাওয়া প্রকল্প সহায়তা থেকে আসবে ২৭৫ কোটি ৮৪ লাখ টাকা। বাকী টাকা দেবে বাংলাদেশ সরকার।
প্রথম পর্বে মোট এক কোটি পাঁচ লাখ সিএফএল বাল্ব বিতরণ করা হবে। এরমধ্যে প্রথম পর্যায়ে ১৯ জুন ৫৫ লাখ বাল্ব বিতরণ হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের মার্চ ও জুন মাসে দেয়া হবে আরো ৫০ লাখ বাল্ব। ২০১১ সালের জুলাই মাসে শুরু হবে দ্বিতীয় পর্বের কাজ। এ পর্বে আরো এক কোটি ৭৫ লাখ বাল্ব বিতরণ করা হবে।
প্রথম পর্যায়ে ১৯ জুন যেসব জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ করা হবে, তা হলো- ঢাকা, গাজীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চূয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, টাঙ্গাইল, চাপাই-নবাবগঞ্জ, সিলেট, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী ও নাটোর।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, পর্যায়ক্রমে দেশের সকল গ্রাহককে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করার ব্যাপারে উৎসাহিত করা হবে। এটা সম্ভব হলে প্রতিদিন প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কেবল সরকারিভাবে বিতরণ করা বাল্বগুলোর যথাযথ ব্যবহার হলেও প্রায় ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।
বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণের অর্থ আসছে কার্বন বিক্রি থেকে। বিশ্বব্যাংকের সহায়তায় ডেনমার্ক বাংলাদেশের এ কার্বন কিনছে। এ থেকে বাংলাদেশ প্রায় ১৬৮ কোটি টাকা সমমূল্যের প্রায় ৬৫ লাখ ইউরো পাবে। যা এ বাল্ব সংগ্রহ ও বিতরণে ব্যবহৃত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬০৭ ঘ.
bdnews24