ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ শ্রমিকদের বিক্ষোভে বাধা দিলে এ সংঘর্ষ বেঁধে যায়।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সমাহার স্যুয়েটারের কয়েকশ' শ্রমিক ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরো কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা যোগ দেয়।
এক পর্যায়ে তারা সাতরাস্তা-মহাখালী সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কিছুক্ষণ পড়ে তারা হামিম গ্র"পের পোশাক কারাখানার শ্রমিকদের বের করে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাঁদানে গ্যাস ও শটগানের কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি। বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ১০ জন পুলিশ আহত হয়েছে। এছাড়া কয়েকজন পোষাক শ্রমিক আহত হয়।"
ওসি জানান, কিছুদিন আগে সমাহার স্যুয়েটারে ২৭ জন কর্মীকে ছাটাই করা হয়। এরপর পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার কথা থাকায় সকালেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়।
কিন্তু কর্তৃপক্ষ কারখানা চালু না করে ছুটি বাড়ানোর ঘোষণা দিলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/কেএমএস/১৪২১ ঘ.
bdnews24