ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে বাড়ির রান্নার আগুনের তাপই নিমতলী অগ্নিকাণ্ডের মূল কারণ বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সেই তাপ থেকে রাসায়নিকের গুদামে আগুন লেগে যায়।
প্রতিবেদনে ঘটনার জন্য দোষী হিসেবে সুনির্দিষ্ট কাউকে চিহ্নিত করা হয়নি।
তবে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের ব্যবসা বন্ধে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও তারা তা পালন করেনি বলে এতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী অন্য চার সদস্যকে সঙ্গে নিয়ে এই তদন্ত প্রতিবেদনটি জমা দেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের কাছে এই প্রতিবেদন জমা দেন তারা।
বিয়ে বাড়ির রান্নার আগুনের তাপকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হলেও আরো কয়েকটি কারণের কথাও বলা হয়েছে প্রতিবেদনে।
এ ধরণের অগ্নিকাণ্ড রোধে তদন্ত কমিটি ১৭টি সুপারিশ করেছে।
সুপারিশে পুরান ঢাকাসহ আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কোন গুদাম বা দোকান না রাখা, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রবেশের সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণ এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
রাসায়নিক ও এসিড জাতীয় দাহ্য পদার্থের দোকান ও বিক্রির সনদ দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকা, প্রয়োজনে এসব দাহ্য পদার্থ বিক্রি ও রক্ষণাবেক্ষণে আলাদা শিল্প এলাকা স্থাপন এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে পুরান ঢাকায় ওয়াসার লাইনে দমকল বাহিনীর জন্য 'হাইড্রেন্ট পয়েন্ট' রাখার কথাও বলা হয়েছে সুপারিশে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "এ ধরণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা এড়ানো যায়, সেজন্য তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। একইসঙ্গে কমিটি ঘটনার কারণও নির্দিষ্টভাবে উল্লেখ করেছে।"
সুপারিশের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবৈধভাবে রাসায়নিক পদার্থের গুদাম ও দোকান গড়ে উঠেছে। নিমতলীর অগ্নিকাণ্ডের পর স্থানীয় মানুষেরও দাবি এসব গুদাম ও দোকান সরিয়ে নিতে হবে। একইসঙ্গে এসব এলাকায় এ ধরণের ব্যবসা করার সনদ দেয়া বন্ধেরও দাবি জানিয়েছে তারা।"
মন্ত্রী জানান, এখানে অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হিসেবে বিয়ে বাড়ির রান্নার আগুনের তাপকে দায়ী করা হলেও, আরো কিছু কারণ আছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে এসব কারণে। এতে মালামালের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। তবে প্রাণহানির কারণে এ ক্ষতি হয়েছে আরো বেশি।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "সরকার ইতোমধ্যেই পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের দোকান ও গুদাম সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকায় বর্তমানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যেই ভ্রাম্যমাণ আদালত ১০৪টি মামলা করে ৩৫ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এ সমস্যা একদিনে তৈরি হয়নি। প্রয়োজনে পুরান ঢাকাকে নতুন করে গড়ে তোলারও উদ্যোগ নেয়া হতে পারে।"
সচিব আবদুস সোবহান সিকদার, দমকল বাহিনীর প্রধান আবু নাঈম মো. শহীদুল্লাহ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার একেএম শহিদুল হকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৬১০ঘ.
bdnews24