২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের সঙ্গে বন্ধন অটুটে বর্ষাবরণ

ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে মঙ্গলবার মেঘলা আকাশ দিয়ে শুরু হল বাংলা ১৪১৭ সালের বর্ষা ঋতু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 07:35 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে মঙ্গলবার মেঘলা আকাশ দিয়ে শুরু হল বাংলা ১৪১৭ সালের বর্ষা ঋতু। বাংলার কৃষি ও কৃষককে বাঁচাতে বর্ষা ও কৃষকের বন্ধন অটুট রাখা এবং পরিবেশ দূষণ, বন উজাড়, নদী ভরাট, উষ্ণায়ন রোধ করার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীতে বর্ষাকে স্বাগত জানানো হয়। নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে মঙ্গলবার সাজানো হয় এ বর্ষা বরণ উৎসব। "রিমঝিম রিমঝিম নামিলো দেয়া/শিয়রে কদম, বিদরে কেয়া" আষাঢ়ের শুরুতে জাতীয় কবি কাজী নজরুলের গানের এই রিমঝিম ধ্বনি শিল্পীর কণ্ঠে শোনা গেলেও ষড়ঋতুর বাংলাদেশের প্রকৃতিতে এর দেখা ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের ঢেউয়ে হারিয়ে যেতে বসা বৈচিত্র্যময় ঋতু বর্ষাকে ডাকতে, বর্ষার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার লিচুতলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষ উৎসব-১৪১৭। উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন উৎসবের ঘোষণাপত্র শুরু করেন বর্ষার চিরন্তন ছড়া "আয় বৃষ্টি ঝেপে/ধান দেব মেপে/লেবুর পাতা করমচা/যা বৃষ্টি চলে যা" দিয়ে। ঘোষণাপত্রে বাংলার কৃষি ও কৃষককে বাঁচাতে পরিবেশ দূষণ, বন উজাড়, নদী ভরাট, উষ্ণায়ন রোধ করার আহবান জানান তিনি। এর আগে শিল্পী প্রিয়াংকা গোপের উচ্চাঙ্গ সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উদীচীর বর্ষা উৎসব-১৪১৭। উৎসবে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মিতা হক, সেমন্তী মঞ্জুরী, মহিউজ্জামান চৌধুরী। নজরুল সংগীত পরিবেশন করেন সুজিত মুস্তফা, জান্নাত-ই-ফেরদৌস লাকী। লোকসংগীত পরিবেশন করেন সফিউল আলম রাজা, মিতু কর্মকার। অন্যান্যের মধ্যে একক সংগীত পরিবেশন করেন সুমা রায়, শামীম আল মামুন, নিলুফার জাহান, তাজিমা সুলতানা। উদীচী, নিবেদন, বহ্নি শিখা পরিবেশন করে দলীয় সংগীত। আবৃত্তি করেন ঝর্ণা সরকার, বেলায়েত হোসেন। এছাড়াও নৃত্যনন্দন, নৃত্যম ও নটরাজ দলীয় নৃত্য পরিবেশন করে। বর্ষকথন পর্বে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক কাজী মদিনা। পরে কাজী মদিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের বেশিরভাগ মানুষ কৃষক। বর্ষা এলেই তাদের কাজ পুরোদমে শুরু হয়। এসময় কৃষকের পাশাপাশি অন্যান্য পেশার মানুষও ব্যস্ত হয়ে উঠে। এ কারণে বর্ষাকে আমাদের সৌভাগ্যের প্রতীক ধরা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যেতে বসা বর্ষাকে বাঁচাতে সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন তিনি। ১৪১৪ সাল থেকে উদীচী এ উৎসব পালন করে থাকে বলে জানান অধ্যাপক মদিনা। এদিকে সত্যেন সেন শিল্পী সংস্থার উদ্যেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অন্য একটি উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একডেমীর মহাপরিচালক শাসসুজ্জামান খান। উৎসবে সুর সপ্তক, তালিম, নিবেদন, বহ্নি শিখা, কেন্দ্রীয় খেলাঘর আসর দলীয় সংগীত পরিবেশন করেন। অনিক বসুর পরিচালনায় 'স্পন্দন' দলীয় নৃত্য পরিবেশন করে। কাকলি ও মাসকুরে সাত্তার কল্লোল পরিবেশন করেন একক আবৃত্তি। একক সংগীত পরিবেশন করেন মিতা হক, অদিতি মহসিন, সালমা আকবর, সাজেদা আকবর, নাসিমা শাহিন ফেন্সী, শহিদ খান, লীনা তাপসী খান, তহমিন পারভীন তনু, সাবরিনা আক্তার হিমু, আরশেদা পারভীন প্রমুখ। বিকাল চারটা থেকে বর্ষা উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে। এ পর্বেও গান, আবৃত্তি, নৃত্যসহ নানা আয়োজন থাকবে বলে আয়োজকরা জানান। বর্ষায় দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাংলাদেশে বয়ে আসে মৌসুমী বায়ু। আবহমানকাল থেকে মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে অঝোর ধারায় বৃষ্টি হয়। ফোটে কেয়া, কদম, কামিনী, জুঁই, গন্ধরাজ প্রভৃতি ফুল। এ সময় পেয়ারা, আনারস, জাম্বুরাসহ নানা ফল পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২২ ঘ.