২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতদের রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বহিরাগতদের সোমবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ছাড়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বহিরাগতদের সোমবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ছাড়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ (সোমবার) সকাল থেকে বহিরাগতদের চট্টগ্রামের নির্বাচনী এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিলো। সেটা মানা হয়নি। তাই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে বহিরাগতদের রাত ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী ১৭ জুন চট্টগ্রাম নগর সংস্থার নির্বাচন উপলক্ষে নগরীতে দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রায় একশ' জন বহিরাগত নেতা-কর্মী প্রচারণা চালাচ্ছেন। এদিকে, নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তারা হলেন- শেখ শফিউল আযম, মুজিবুল হক খান ও নাসিরুদ্দিন মাহমুদ। এছাড়া স্থানীয় একটি পত্রিকায় মহিউদ্দিনের নির্বাচনী বিজ্ঞাপনে বিএমএ নেতা মোহাম্মদ শরিফ উদ্দীনের নাম ছিলো বলে নির্বাচন কমিশন জানায়। নির্বাচনী আচরণ বিধিমালার ৬ (১৪) ধারা মোতাবেক কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, সরকারি চাকরিতে বহাল থেকে এই তিন কর্মকর্তা বিজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিনের পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করেছে। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আব্দুস ছালামকে ২০ জুন নির্বাচন কমিশনে হাজির হতে চিঠি দিয়েছে কমিশন। তিনি গত ০৪ জুন বিকালে নগরীর মোহরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সংক্রান্ত সচিত্র খবর গত ০৫ জুন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়, যা নির্বাচনী আচরণ বিধিমালার সুষ্পষ্ট লঙ্ঘন বলে জানান সাখাওয়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/এমএসবি/১৮১৬ ঘ.