মাগুরছড়া বিস্ফোরণের ১৩ বছরেও জীববৈচিত্রের ক্ষতিপূরণ নেই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে মাগুরছড়ায় গ্যাসক্ষেত্রে বিষ্ফোরণের ১৩ বছর পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বন, পরিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতিপূরণ মেলেনি।
মাগুরছড়ায় ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে গ্যাসকূপে বিষ্ফোরণ ঘটে। এতে জীব বৈচিত্র্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
বিষ্ফোরণের আগুনে পুড়ে যায় সংরক্ষিত বন, আখাউড়া-সিলেট রেলপথ, ফুলবাড়ি চা বাগান, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির বাড়িঘর, পান জুম এলাকা ও পিডিবির ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন।
এছাড়া পাশের এলাকার ২৯টি চা বাগানের ক্ষতি হয়। ৬ মাস বন্ধ থাকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ও আখাউড়া-সিলেট সরাসরি রেল যোগাযোগ।
মাগুরছড়া গ্যাস ক্ষেত্রের প্রায় ৮শ' ফুট ড্রিলিং করার পর গ্যাসের চাপ বেড়ে এ দুর্ঘটনা ঘটে। তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি অক্সিডেন্টাল এ খননের দায়িত্ব দিয়েছিল জার্মান কোম্পানি ডিউটেককে। বর্তমানে মাগুরছড়া ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের বন্দোবস্তের মালিকানা এখন মার্কিন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানী শেভরনের হাতে।
দূর্ঘটনায় খাসিয়া পুঞ্জির ১০ টি বাড়ির আংশিক ক্ষতি ও ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় ও ৪০ হেক্টর পান জুম এলাকার ক্ষতি হয়। এর ক্ষতিপূরণ বাবদ ইউনোকল বিভিন্ন সময় খাসিয়া পুঞ্জিকে ২৫ লাখ টাকা দেয়। এছাড়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে সামাজিক বনায়নের জন্য ৩ ব্যক্তিকে দেয় ১০ লাখ টাকা। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ ৬ মাস বন্ধ থাকার পর ক্ষতিপূরণ বাবদ বাস মালিক সমিতিকে দেয় ২৫ লাখ টাকা।
বিস্ফোরণের পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মাহফুজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে ১৯৯৭ সালের ৩০ জুলাই মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ড. তৌফিক ই এলাহির কাছে ৫শ' পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
পরবর্তীতে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি বিস্ফোরণের ক্ষয়ক্ষতি নিরুপন, ক্ষতিপূরণ ও বিতরণের বিষয়ে তদন্ত কমিটির সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি উপ কমিটি গঠন করে।
তদন্ত রিপোর্টে, পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালনে অক্সিডেন্টালের ব্যর্থতার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে এমন অভিমত প্রকাশ করেন তদন্ত কমিটির সদস্যরা। তাদের তদন্তে অক্সিডেন্টালের কয়েকটি ত্র"টি ধরা পড়ে।
রিপোর্টে বলা হয়, বনাঞ্চলের মোট ক্ষতি হয়েছে ৯ হাজার ৮৫৮ কোটি ৩১ লাখ টাকা। ২ হাজার ফুট রেলওয়ে ট্র্যাক ধ্বংস হয়েছে যার আর্থিক মূল্য ৮১ লাখ ৫৪ হাজার ৩৯৫ টাকা (রাজস্ব ব্যতীত)। সড়ক পথের ক্ষতি ২১ কোটি টাকা, গ্যাস পাইপ লাইনের ১৩ লাখ টাকা এবং বিদ্যুৎ লাইনের ১ কোটি ৩৫ লাখ টাকা।
মাগুরছড়া বিস্ফোরণে পুড়ে ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস নষ্ট হয়েছে। এর দাম বাংলাদেশী টাকায় প্রায় ৪ হাজার কোটি টাকার ওপরে। সব মিলিয়ে মাগুরছড়া বিস্ফোরণে ক্ষতির পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা বলে তদন্তে রিপোর্টে দাবি করা হয়। কিন্তু আজো সে ক্ষতিপূরণ মেলেনি।
বাপা চেয়ারম্যান আবু নাসের খান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের অনেক বন্যপ্রাণী বিস্ফোরণের বিকট শব্দের কারণে বের হয়ে গেছে। এতে পরিবেশ ও জীব বৈচিত্র্যের অপূরনীয় ক্ষতি হয়েছে। যা টাকার অঙ্কে পুষানো যাবে না। তারপরও পরিবেশ মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নিলে ক্ষতিপূরণ আদায় করে জীব বৈচিত্র্য রক্ষা করতে পারে।
মাগুরছড়ার ক্ষতিপূরণ জাতীয় আদায় কমিটির সভাপতি সৈয়দ আমিরুজ্জামান বলেন, "ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে বড় বাঁধা তৎকালীন কোম্পানী অক্সিডেন্টালের সঙ্গে সম্পাদিত সম্পূরক চুক্তি।"
শেভরনের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) নাসের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৎকালীন পরিবেশ ও জীব বৈচিত্রের ক্ষতি নিরুপনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য পরিবেশ মন্ত্রণালয়কে বলা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় তা করেনি। ফলে বিষয়টি আর এগোয়নি।
মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে দূর্ঘটনার পর থেকে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবছর এ দিনটিকে (১৪ জুন) মাগুরছড়া দিবস হিসাবে পালন করে আসছে।
দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাইরে গ্যাস কূপ খননের দাবিতে কমলগঞ্জ উন্নয়ন পরিষদ লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথে সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করে।
এছাড়া মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে সোমবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে।
কমলগঞ্জ উন্নয়ন পরিষদের মানবন্ধন চলাকালে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেয় ধলাই বয়েজ ক্লাব, উদয়ন সংঘ ও মহিলা সংঘ। সেখানে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ ওয়াহিদ রুলু জানান, মানববন্ধনের পর তাদের সংগঠনের পক্ষ থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও সংসদের সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে।
