জামালপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমিউটার ট্রেন থেকে রোববার রাতে রেল পুলিশ ৩ শিশুকে উদ্ধার করেছে।
জামালপুর জিআরপি থানার ওসি আবুল খায়ের জানান, রোববার বিকালে ঢাকা মহাখালী মসজিদ পাড়ার বস্তি এলাকার বাসিন্দা মৃত রায়হান চৌধুরীর ৮ বছরের শিশু কন্যা বিউটি ও ৪ বছরের সুমাইয়া এবং একই এলাকার মিলন মিয়ার ৭ বছরের কন্যা নাজমাকে অজ্ঞাত এক ব্যক্তি ফুঁসলিয়ে কমলাপুর রেল স্টেশনে নেয়। পরে তাদের ওই ট্রেনে উঠায়।
আবুল খায়ের জানান, ট্রেনের ভেতর ৩ শিশুর কান্না দেখে রেল পুলিশ তাদের উদ্ধার করে জামালপুর জিআরপি থানা হেফাজতে রাখে।
জিআরপি থানা রোববার গভীর রাতে শিশু ৩ টিকে জামালপুর অপরাজেয় বাংলাদেশের সেল্টার হোমে পাঠায়।
ওসি উদ্ধার হওয়া শিশুদের মধ্যে নাজমার দাদার বাড়ি ময়মনসিংহের ভালুকা এবং বিউটি ও সুমাইয়ার দাদার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা বলে পুলিশ জানিয়েছে।
এই ৩ শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ট্রেনে উঠানো হয়েছিলো কি না, তা খতিয়ে দেখছে জামালপুর জিআরপি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০৭ ঘ.
bdnews24