ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন নিয়ন্ত্রণে রাখার পর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় আবার কর্মীদের জন্যে খুলে দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে পল্লবী থানা পুলিশ ভবনের তালা খুলে দেয়।
পল্লবী থানার উপপরিদর্শক আবু নাইম জেহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ১০ টার দিকে কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়।"
প্রশিকার পরিচালক ফিল্ড অপারেশন আবু রউফ বলেন, "আমাদের কাছে ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেছেন।"
এর আগে ৩ মাস ৮ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে পুলিশ প্রশিকার প্রধান কার্যালয় ভবনের চাবি হস্তান্তর করে। তবে এদিনই রাত ১০ টার দিকে পুলিশ আবার ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
গত ৪ মার্চ দ্বিতীয়বারের মতো প্রশিকাভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
এর আগে গত বছরের মে মাসে এক সভার মাধ্যমে প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদকে দায়িত্ব থেকে অপসারণ করে গভর্নিং বডির সদস্যরা।
কিন্তু কাজী ফারুক আহমেদ পাল্টা এক সাধারণ সভায় আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন।
প্রশিকার নিয়ন্ত্রণ নিয়ে এর প্রধান কার্যালয়ে গত বছরের মার্চের পর থেকেই কর্মীরা বিক্ষোভ করে আসছিলেন।
কয়েকদফা বিক্ষোভের পর প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই সময় দেশের বিভিন্ন স্থানের শাখা কার্যালয়গুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মিরপুর-২ এ অবস্থিত প্রশিকার প্রধান কার্যালয়ে কয়েক দফা সংঘর্ষের পরে এ বছর ১৩ জানুয়ারি ভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
কিন্তু উচ্চ আদালত বর্তমান পরিষদের কাছে ভবনের চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলে ২৪ জানুয়ারি কর্মীরা ভবনটিতে প্রবেশ করে। এর একদিন পর রায়টি সুপ্রিম কোর্টে স্থগিত করা হলে আবার ভবনটিতে পুলিশ তালা ঝুলিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একএমএস/১১২৭ ঘ.
bdnews24