ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ হওয়ার তিনদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার বড়িকান্দি গ্রামের একটি জমি থেকে মো. বায়েজিদ (৭) নামের এই শিশুর লাশ উদ্ধার করা হয়।
বায়েজিদ গ্রামের কালা মিয়ার ছেলে। সে বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গত শুক্রবার সকালে বায়েজিদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
আজ (রোববার) বিকালে এলাকার লোকজন তাদের বাড়ির অদূরে একটি পানি জমা জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এসআই আসাদ জানান, পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।
তবে স্কুল ছাত্রটিকে হত্যা করা হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি না।
এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৭ ঘ.
bdnews24