ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি হেফাজতে মাহমুদুর রহমানের ওপর কথিত নির্যাতনের তদন্ত দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান খালেদা।
সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে খালেদা বলেন, ''তার (মাহমুদুর) ওপর নির্যাতন চালিয়ে সরকার জিঘাংসা চরিতার্থ করছে। ফ্যাসীবাদী কায়দায় তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে। এর বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন গড়ে তুলতে হবে।''
মাহমুদুরকে রিমান্ডে নিয়ে 'নির্যাতন' করার বিষয়টি তুলে ধরতে বিরোধী দলীয় নেতা এই প্রেস বিফিংয়ের আয়োজন করেন।
তিনি এভাবে 'নির্যাতনকে' সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী অভিহিত করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া রাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশে বলেন, "সংবিধান ও আইন মেনে কাজ করুন। নইলে এর পরিণতি ভালো হবে না। ফ্যাসিষ্টদের মদদ দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন- এ সরকারই শেষ সরকার নয়।"
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, এ সরকার ফ্যাসিস্ট কায়দায় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। একাধিক টিভি চ্যানেল ও বিভিন্ন টক শো বন্ধ করে দিয়েছে তারা। এভাবে সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, আদালত স্বাস্থ্য পরীক্ষা করে মাহমুদুরকে কারাফটকে তার আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও সরকার তা আমলে নিচ্ছে না। মাহমুদুর রহমানকে আবারো রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, বিএনপি সাংসদ মাহবুবউদ্দিন খোকন, নীলুফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24