সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের মদন মোহন কলেজে রোববার ছাত্রশিবিরের কর্মীদের হামলায় ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মী নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নজরুলকে সংগঠনে নিতে কয়েক দিন ধরে শিবিরকর্মীরা চাপ দিচ্ছিল।
রোবাবার শ্রেণীকক্ষের মধ্যেই ৫-৬ জন শিবিরকর্মী নজরুলের ওপর হামলা চালায়। শিবিরকর্মীরা নজরুলের মাথায় আঘাত করে।
এ ঘটনার পর ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধাওয়া করলে শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়।
কলেজ শাখা ছাত্রদল সভাপতি কাজী মেরাজ আহমদ ছাত্রদল কর্মী আহত হওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরে যোগ না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।
সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহরিয়ার হোসেন সিপারও ঘটনা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, এটা রাজনৈতিক কোনো সংঘাত নয়। ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে।
কোতয়ালী থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক নারায়ণ দত্ত জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24