ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় পাঁচতলা আরেকটি ভবন হেলে পড়েছে। তবে বাড়িটি ভাঙার ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।
রাজউকের মিরপুর আঞ্চলিক কর্মকর্তা জি এম এ হালিম রোবাবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুর মাজার রোডে জব্বার হাউজিং সোসাইটির ১১২/জি/৪ বাড়িটি সম্প্রতি হেলে পড়ে। বাড়িটি থেকে সব লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে গত ১০ জুন বাড়ির মালিক শরিফুন্নেছা বেগমকে বলা হয়েছে।"
তিনি জানান, এছাড়া রাজউকের পক্ষ থেকে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জি এম এ হালিম বলেন, "বাড়িটি তৈরিতে রাজউকের অনুমোদন নেওয়া হলেও নির্মাণ কাজে ত্রুটি রয়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়নি। তাই রাজউকের পক্ষ থেকে আগে বাড়ির কাঠামোর ব্যাপারে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে। এরপর ভাঙার সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার কাজ এ সপ্তাহের মধ্যে হবে।"
তিনি জানান, যদি মালিক পক্ষ বাড়িটি থেকে লোকজন না সরিয়ে নেয় তবে পুলিশ দিয়ে সরানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৪৪৭ ঘ.
bdnews24