ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে হোসনে আরা বেগমকে।
হোসনে আরা বর্তমানে আজিমপুর র্গালস স্কুল ও কলেজের অধ্যক্ষ।
শনিবার রাতে এক শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি স্থানীয় সাংসদ রাশেদ খান মেননের পক্ষে তার ব্যক্তিগত সহকারি আব্দুল খালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগামী কয়েক দিনের মধ্যেই নতুন অধ্যক্ষ তার দায়িত্বভার গ্রহণ করবেন।"
নিয়োগ পাওয়ার পর হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি দু'এক দিনের মধ্যেই যোগ দেবো। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের হৃত গৌরব ফিরিয়ে আনতে আমি সবার সহযোগিতা চাই।"
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শায়লা আহমেদ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শনিবার সকালে নতুন অধ্যক্ষ নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাতকার নেয়। ২০ জন প্রার্থীর মধ্যে হোসনে আরা বেগমকে নিয়োগের সুপারিশ করে এ সংক্রান্ত নিয়োগ কমিটি।
গত ২৫ মার্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়লা আহমেদকে। এরপর ২৭ মার্চ এ নিয়োগের বিরুদ্ধে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এই আবেদনের পর হাইকোর্ট অধ্যক্ষ নিয়োগের বিষয়টি মুলতবি করে।
এরপর ৮ জুন হাইকোর্ট রোকেয়া আক্তার বেগমের আবেদনটি খারিজ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24