গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যেই অর্পিত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
শনিবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, "সরকার সারাদেশে চার লাখ ৭০ হাজার একর অর্পিত সম্পত্তি হস্তান্তর করবে। সংসদ ও মন্ত্রী পরিষদের বৈঠকে বিলটি পাশ হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে এর যাচাই বাছাই হচ্ছে।"
এ লক্ষ্যে পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে কমিটি করা হবে বলেও তিনি জানান।
এরপর দুপুরে মন্ত্রী টুঙ্গিপাড়া সমিতির উদ্যোগে টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
এখানে তিনি এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৮ কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
টুঙ্গিপাড়া সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাবেক সচিব শৈলেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আব্দুল কুদ্দুছ আমীন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম, পৌর মেয়র বিনয় কৃষ্ণ সাহা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১০৭ ঘ.
bdnews24