ঢাকা, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে নির্যাতন করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
তেজগাঁও থানার ৪ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে মাহমুদুর এ অভিযোগ করেন।
এ সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় মাহমুদুর রহমানের জামিন চান তার আইনজীবীরা। জামিন আবেদন না মঞ্জুর করে তাকে এই মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
মাহমুদুর রহমান আদালতে অভিযোগ করেন, তেজগাঁও থানার মামলায় তাকে রিমান্ডে নেয়া হলেও, নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্ট থানায়। এ সময় তাকে শারিরীকভাবে নির্যাতন করা হয়েছে।
আদালতকে তিনি জানান, ৯ জুন রাতে তার রুমে ৫/৬ জন লোক প্রবেশ করে। এ সময় তারা তাকে কনুই দিয়ে আঘাত করে।
মাহমুদুর অভিযোগ করেন, তার বসন খুলে নিলেও কোনোরকম প্রশ্ন করা হয়নি।
এ ঘটনার ব্যাখ্যা দাবি করে মাহমুদুর রহমানের আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিমকে কারণ দর্শাতে আদালতে আবেদন করেন।
বিচারক এ সংক্রান্ত কোন আদেশ দেননি।
এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত মামলায় মাহমুদুর রহমানকে আগে মঞ্জুর করা ৪ দিনের রিমান্ডে নিয়েছে উত্তরা থানা পুলিশ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট বিনয় কুমার ও এডভোকেট হাফিজুর রহমান তোতা।
আসামি পক্ষের শুনানিতে অংশ নেন এডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্য কয়েকজন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/জিএনএ/২০০৩ ঘ.
bdnews24