২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও দুই শিশুর মৃত্যু: ৮ জনকে আসামি করে মামলা

রাজধানীর কদমতলীর জুরাইনে মা ও দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীর জুরাইনে মা ও দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। শনিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন রিতার শ্বশুর দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, স্বামী রাশেদুল কবির, তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির, সুখনের স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক মান্নান। কদমতলী থানার জুরাইনের আলমবাগ এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন ফারজানা কবির রিতা (৩৫), তার ছেলে ইশরাক কবির পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েল (১১)। বাড়িটির দেয়ালে ও বিভিন্ন কাগজের লেখা দেখে পারিবারিক বিরোধের কারণে বিষ জাতীয় কিছু খেয়ে তারা আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। কদমতলী থানার ওসি কাজী আয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আপাতত তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। তবে ময়না তদন্তে অন্য কোন আলামত যেমন নির্যাতন বা অন্যকিছু পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" ময়না তদন্তের পরে আত্মীয়দের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। শুক্রবার সকাল ১০টার দিকে ২২৯, আলমবাগের তিনতলা ভবনের দোতলায় বাসার বিছানা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে রীতা ও তার সন্তানরা তাদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান। স্বামীর দ্বিতীয় বিয়েতে রীতার কোনো আপত্তি নেই, একথা লেখা একটি কাগজে জোরপূর্বক তার স্বামী সাক্ষর নিয়েছে, এরকম একটি অভিযোগও দেয়ালে লেখা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এছাড়া পাবন ও রাইসা দেয়ালের লেখায় আত্মহত্যা করতে বাধ্য করার জন্যে দাদা-দাদী ও বাবাকে দায়ী করে। রিতার স্বামী রাশেদুল কবির দ্বিতীয় বিয়ে করে উত্তরায় থাকেন। বাড়িটির মালিক রিতার শ্বশুর শফিকুল কবির। এ মাসের মধ্যে তিনি পুত্রবধু ও নাতিদের বাড়ি ছেড়ে দেয়ার জন্যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৬৪৬ ঘ.