গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শুক্রবার দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরো অন্তত ২৫ জন।
নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া এলাকার স্বপন কুমার দে সরকার (৫৫), ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামের মনিরুজ্জামান খান (৩৫) এবং অজ্ঞাত এক শিশু (১২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী অপর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুই বাসের চালক স্বপন ও মনিরুজ্জামান নিহত হন।
আহতদের মধ্যে আয়শা আক্তার, শিল্পী বেগম, আছিয়া খাতুন, রবিউল ইসলাম, হানিফ মিয়া, আব্দুর রহিম, শরিফ হাসান, রেজাউল করিম, আলেয়া, শিরিন, সালেহা, ইসরাফিল, রাফিজুল ইসলাম, মাহমুদুল হাসান ও শিরিন আক্তারকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় আলজামি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গোড়াই মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে স্বপন ও মনিরুজ্জামানের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি বাস আটক করা হয়েছে।
এদিকে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকায় সকাল ৯টার দিকে রাস্তা পারপারের সময় বাস চাপায় ১২ বছরের অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে।
লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24