ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জে এক নিখোঁজ শিশুর লাশ শুক্রবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছ।
বৃহস্পতিবার রাতে যশোরের শার্শায় এক তরুণ এবং মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী গ্রামের রাকিব (৫) নামের একটি শিশু তিন দিন আগে নিখোঁজ হয়েছিল। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাল লাশ উদ্ধার করা হয়।
রাকিবের বাবা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবকে না পেয়ে এলাকায় মাইকিং এবং ফরিদগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছিল।
বেনাপোল প্রতিনিধি জানান, শার্শা উপজেলার পাঁচপুকুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একজনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মজনুল হক (৩২) বাগআঁচড়া গ্রামের প্রয়াত খন্দকার শফিউল হকের ছেলে।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজনুল ও তার সঙ্গী আহসান মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় রাত ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। পরে মজনুলকে জবাই করে ও তার সঙ্গীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত আহসানকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের কাওড়কান্দি ফেরিঘাটের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
শিবচর থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কাওরাকান্দি ৩ নম্বর ফেরিঘাটের কাছে লাশটি ভেসে থাকতে দেখে কয়েকজন লঞ্চ ও ট্রলার যাত্রী পুলিশকে খবর দেয়।
মেয়েটির পরনে গোলাপি রংয়ের সেলোয়ার-কামিজ ও হাত মেহেদী রাঙা ছিল।
শিবচর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, মেয়েটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ফেরি বা লঞ্চ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24