টাঙ্গাইল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোকানের ভাড়াটিয়া পরিবর্তনকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে হামলায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজিবসহ দু'জন আহত হয়েছেন।
আহত আরেকজন হলেন জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রনি। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর জেরে সরকারি সাদত কলেজের ছাত্রলীগকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক একঘণ্টা অবরোধ করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হালিম সিদকার নামে এক আওয়ামী লীগ নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের নাম জানা যায়নি।
টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, জেলা শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় একটি দোকান ভাড়া নেন আলমগীর হোসেন নামের একজন। কিন্তু আগের ভাড়াটিয়া রফিকুল ইসলাম দোকানটি ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ মীমাংশায় ইসতিয়াক আহমেদ রাজিব কয়েক দফা চেষ্টা করেন।
শুক্রবার বিকালে আবার আলোচনার জন্য আলামগীরকে নিয়ে রাজিব বাসস্ট্যান্ড এলাকায় গেলে আগের ভাড়াটিয়া রফিক লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়।
এ খবর সাদত কলেজে পৌঁছলে ছাত্রলীগকর্মীরা বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। এ সময় রাস্তার দু'পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে।
পরে প্রশাসনের কর্মকর্তারা এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24