নেত্রকোনা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে জেলার আটপাড়া উপজেলায় শুক্রবার দু'টি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহত ইনসাব আলী, হাবিবুল্লাহ, মানিক, বুলবুল, হারুন চৌধুরী, নেকবার ভূঁইয়া, রফিকুল ইসলাম ও নজরুল চৌধুরীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার নাজিরগঞ্জ স্কুল মাঠে শিশুদের ফুটবল খেলা নিয়ে সোনাজোর ও সোনাকানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ঝগড়া হয়।
এর জেরে শুক্রবার সকালে সোনাজোর গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিরগঞ্জ বাজারে সোনাকানিয়া গ্রামের লোকজনের প্রায় ২০টি দোকানপাট ও বাজারের পাশে ৭-৮টি বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এ সময় সোনাকানিয়া গ্রামের লোকজন প্রতিরোধ করলে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সোনাজোর গ্রামের জুয়েল মিয়া ও সোনা মিয়া এবং সোনাকানিয়া গ্রামের আবুল হাসেমকে আটক করেছে।
আটপাড়া থানার ওসি মো. আলমগীর হোসাইন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24