ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র্যাবের হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
বিভিন্ন সূত্র জানায়, তার নাম বিপ্লব আলী (৩৮)। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, জুমার নামাজের সময় র্যাব কার্যালয়ের গারদের ভেন্টিলেটরের সাথে লুঙ্গি পেঁচিয়ে বিপ্লব আত্মহত্যা করেছে।
র্যাব-১ সদস্যরা তাকে বৃহস্পতিবার রাতে মিরপুরের পাইকপাড়া থেকে আটক করে উত্তরার কার্যালয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে অপহরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
র্যাব-১ এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল রাশিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে আমরা বৃহস্পতিবার রাতে মিরপুরের পাইকপাড়া থেকে বিপ্লব আলীকে গ্রেফতার করি। সে ডিবি কর্মকর্তা পরিচয়ে অপহৃতের পরিবার থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে অপহৃতের পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করে।"
রাশিদুল আলম জানান, "নামাজের পরে তাকে নিয়ে অপর সহযোগীদের গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল। কিন্তু দুপুর পৌনে ২ টার দিকে গারদের ভেন্টিলেটরের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমাদের সদস্যরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
আত্মহত্যার কী কারণ থাকতে পারে-এ প্রশ্নের জবাবে রাশিদুল বলেন, "সেটা আমরাও বুঝতে পারছি না। তাকে কোন নির্যাতনও করা হয়নি।"
বিপ্লব আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিছুদিন আগে র্যাব ১ এর হেফাজতে থাকা অবস্থায় অপর এক ব্যক্তি মারা যান। র্যাব দাবী করেছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি /কেএমএস/১৯১১ ঘ.
bdnews24