মাদারীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটের কাঠালবাড়ি চেয়ারম্যান ঘাট এলাকায় একটি স্পিডবোট ও মাছের ট্রলারের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ফকির (৩০) উপজেলার হাওলাদার কান্দি গ্রামের হাসেম ফকিরের ছেলে।
আহতদের পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, তাদের বেশিরভাগ বিভিন্ন জেলার বাসিন্দা।
কাওড়াকান্দি ঘাট ও শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মাওয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসে যাত্রীবাহী ওই স্পিডবোটটি। পথে কাওড়াকান্দির কাঠালবাড়ি চেয়ারম্যান ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রলারের সঙ্গে স্পিবোটটির সংঘর্ষ হয়।
শিবচর থানার হাইওয়ে পুলিশ সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০০ ঘ.
bdnews24