২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকারত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন রুশনারা

বেকারত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:12 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেকারত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী। গত মঙ্গলবার পার্লামেন্টের নিু কক্ষ হাউস অব কমন্সে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, "সরকারি সহায়তা থাক বা না থাক পূর্ব লন্ডনের বেকারত্ব নিরসনে আমি যুদ্ধ করে যাব।" পার্লামেন্টে রাণী দ্বিতীয় এলিজাবেথের বক্তব্যের উপর অনুষ্ঠিত বিতর্কে অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে আলোচনায় রুশনারা একথা বলেন। তিনি আরো জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে, গ্র্যাজুয়েটদের দক্ষতার অপচয় বন্ধ করে তাদের কাজের বন্দোবস্ত করতে এবং পরিবারের উপার্জনকারীদের চাকরির ব্যবস্থা করতে তার সংগ্রাম চলবেই। বেনথাল গ্রিন এন্ড বো আসন থেকে নির্বাচিত প্রথম এই বাঙালি এমপি ভাষণে নিজ এলাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। নিজ জন্মভূমি বাংলাদেশের নাম উল্লেখ করে বলেন, "আমরা এই পার্লামেন্টকে সবসময় গণতন্ত্রের সুতিকাগার হিসেবে দেখে থাকি। আমি মনে করি এই হাউস ভাল কাজ করার অনুপ্রেরণার উৎস।" এমপি রুশনারা নিজ এলাকার বেকারেত্বের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, তার নির্বাচনী এলাকা যুক্তরাজ্যের দরিদ্রতম অঞ্চল। সারা যুক্তরাজ্যে যেখানে বেকারত্বের হার ৮ শতাংশ, সেখানে তার এলাকায় এই হার ১১ শতাংশ। তিনি তার পূর্ববর্তী লেবার দলীয় এমপি উনা কিং-এর প্রতি সম্মান জানিয়ে বলেন, তিনি এই নির্বাচনী এলাকার একজন অক্লান্ত সৈনিক। এছাড়া রুশনারা বেথনাল গ্রিনের সাবেক এমপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমর্থক প্রয়াত লর্ড পিটার শো'র প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হাউসেই তিনি বাঙালিদের মুক্তি সংগ্রামের কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২০০০ ঘ.