২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ কর্মকর্তার জামিন

উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ১৩ সরকারি কর্মকর্তাকে চার মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ১৩ সরকারি কর্মকর্তাকে চার মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাদেরকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ জানানোর জন্য সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আব্দুল হাফিজের বেঞ্চ তাদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। ১৩ জনের মধ্যে ১১ জন বর্তমান ও ২ জন সাবেক সরকারি কর্মকর্তা। গত ৭ জুন বিমান বন্দর থানায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ২০০৬ সালের ২৪ নভেম্বর উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকটি ষড়যন্ত্রমূলক বর্ণনা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এ মামলায় সরকারের যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীর, উপ সচিব মজিবুর রহমানসহ ১৩ সরকারি কর্মকর্তার পক্ষে আগাম জামিন আবেদনের ওপর শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/২২১৭ ঘ.