২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ এর অনলাইন সংস্করণ চালু

দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের সরকারি আদেশ আদালত তিন মাসের জন্য স্থগিত করার পরপরই পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের সরকারি আদেশ আদালত তিন মাসের জন্য স্থগিত করার পরপরই পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হ্ইাকোর্টের রায়ের পর পত্রিকার সংবাদকর্মীরা কারওয়ানবাজার কার্যালয়ে এসে কাজ শুরু করেন বলে জানান পত্রিকাটির উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের রায় অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু করা হয়েছে।" ছাপাখানা খুলে না দেওয়ার কারণে পত্রিকার প্রকাশনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের কপি পেলে ছাপাখানা খুলে দেবেন তারা। তবে রাত ৯টা পর্যন্ত তিনি কোনো কপি পাননি বলে জানান। পত্রিকাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। বৃহস্পতিবার হাইকোর্ট পত্রিকার প্রকাশনা বাতিলের সরকারি আদেশ তিন মাস স্থগিত করে রায় দেয়। বিকালে সরকার পক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। পত্রিকাটির উপ-সম্পাদক বলেন, "আমরা শুনেছি সরকার আপিল করেছে। কিন্তু আপিলের শুনানি হয়নি। আমাদের আইনজীবিরা জানিয়েছেন পত্রিকা প্রকাশে কোনো বাধা নেই।" হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি পুলিশ ও জেলা প্রশাসককে দেওয়া হয়েছে বলে জানান আবদাল আহমেদ। সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করে। এরপর ২ জুন ভোররাতে কারওয়ানবাজারের কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২১৫৪ ঘ.