সুনামগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধরমপাশার সইলচাপড়া হাওরে নৌকাডুবিতে নিহত আরো দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে।
বুধবার বিকালে উদ্ধার করা এ দু'জন হলো- বাদশাহগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর রনি বেগম ও দশম শ্রেণীর নাহিদা বেগম। এ নিয়ে মোট ১৬ জনের লাশ উদ্ধার হল।
নিখোঁজ রয়েছে আরো ১০ জন।
মঙ্গলবার সকালে উপজেলার বালিজুরি গ্রাম থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা বাদশাগঞ্জ যাওয়ার পথে সইলচাপড়া হাওরে ডুবে যায়।
ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া জানান, ঢাকা থেকে আসা ডুবুরি দল সইলচাপড়া হাওর ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এ দুর্ঘটনায় উপজেলা প্রশাসন থেকে শোক পালন করা হয়েছে। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ করে শোক পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24