২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅবস্থান কর্মসূচিতে খালেদা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা সাড়ে ১১টার দিকে তিনি কর্মসূচিস্থলে পৌঁছান। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, অযোগ্য ও বিতর্কিতদের বিচারক নিয়োগের প্রতিবাদ এবং বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে গত ১৯ মে পল্টনের মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সকাল সাড়ে ১০ টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণঅবস্থান কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। কর্মসূচি উপলক্ষে সকাল ১০টার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপিসহ চারদলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করে। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। গণঅবস্থান কর্মসূচি উপলক্ষে একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। শাহাবাগ থেকে কদম ফোরায়া পর্যন্ত সড়কের পাশে মাইক স্থাপন করা হয়েছে। জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতিকৃতি আর ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রখর রোদের মধ্যেও দলীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়ে গণঅবস্থান কর্মসূচি বিশাল সমাবেশে পরিণত হয়েছে। বিএনপির ডাকা সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির এটি প্রথমটি। পল্টন ময়দানে ঢাকা বিভাগীয় মাহসমাবেশে খালেদা জিয়া সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে ১৭ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন। একইসঙ্গে সরকারকে সতর্ক করতে ২৭ জুন সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন তিনি। গণঅবস্থান কর্মসূচিতে খালেদা জিয়া প্রধান অতিথি। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাচিব ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি ( বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ মঞ্চে রয়েছেন। বিএনপির ডাকা এই কর্মসূচিতে এই প্রথম চার দলীয় ঐক্যজোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতারা একসঙ্গে অংশ নিয়েছেন। এছাড়া ন্যাশনাল পিপপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আওয়ামী ন্যাশনাল পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডোমোক্রেটিক এলায়েন্স (এনডিএ), মুসলিম লীগ, ডোমোক্রেটিক লীগসহ জাতীয়তাবাদী সমর্থিত পেশাজীবী ও বিএনপির সবগুলো সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী নেতৃবৃন্দ, বিচারপতি টি এইচ খানের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে আইনজীবী নেতৃবৃন্দ কর্মসূচিতে যোগ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ বিশেষ। এই কর্মসূচির মাধ্যমে আমরা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবি জানাচ্ছি।" কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শরিকদল ও পেশাজীবী নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অনুষ্ঠানটি পরিচালনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১৪৪ ঘ.