জামালপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ছয় শতাধিক ঘরবাড়ি।
সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার রানাগাছা, নরুন্দি, লক্ষ্মীর চর ও তুলশীর চর ইউনিয়নে এই ঝড় বয়ে যায়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর বলেন, ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে কমপক্ষে ছয় শতাধিক কাঁচা, আধাপাকা ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েকশ' গাছপালা।
এ সময় ঘর ও গাছচাপা পড়ে ২০ জনের মতো আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ও খুঁটি উপড়ে পড়ায় রাত ১০টা থেকে রানাগাছা, তুলশীর চর ও নরুন্দি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইউএনও আরো জানান, মঙ্গলবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এলাকার ইউপি চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির একটি তালিকা করার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24