ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের বাইরে বিরোধী দলের বাজেট প্রস্তাব উপস্থাপনকে 'অসাংবিধানিক' বলে অভিহিত করেছেন মহাজোটের সাংসদরা। তারা এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন।
তারা সংসদে এসে বাজেটের ওপর বক্তব্য রাখতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে ২০১০-১১ অর্থবছরের জন্য তার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। জাতীয় বাজেট ঘোষণার আগে বিরোধী দলের নেতার পক্ষ থেকে এরকম বাজেট প্রস্তাব উপস্থাপন এই প্রথম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন বিকালে জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিএনপি'র নীতিনির্ধারকদের উদ্দেশে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বিকল্প বাজেট দেওয়ার অধিকার সংবিধান ও আইন দেয়নি। বাজেট দেওয়ার ম্যান্ডেট পেয়েছে মহাজোট। এই ম্যান্ডেট পেয়েছেন শেখ হাসিনা। আপনারা পেয়েছেন বিরোধীদলে বসার ম্যান্ডেট।"
পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গে বাকবিতন্ডার পর সুরঞ্জিত এ প্রসঙ্গে বলেন, সংবিধানে বলা আছে- বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
তিনি এ ব্যাপারে স্পিকারের রুলিং চেয়ে বলেন, বিরোধীদল শপথ মেনে, সংবিধানের প্রতি অনুগত্য প্রকাশ করে আইন অনুয়ায়ী কাজ করবে।
সুরঞ্জিত বিরোধী দলের উদ্দেশে বলেন, "আপনারা অপজিশন ইন স্ট্রিট হতে চাইলে সবচেয়ে আগে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। দয়া করে আপনারা সংবিধান মেনে চলুন। আমরা কেউই সংবিধান ও আইনের উর্ধ্বে নই।"
সিনিয়র এই পার্লামেন্টারিয়ানের মতে, বিরোধী দল দুই ধরনের - 'অপজিশন এই স্ট্রিট' এবং 'অপজিশন ইন হাউজ'। যারা রাজপথে আছে তারা অনেক কিছুই করতে পারে। আর, অপজিশন ইন হাউজকে সংসদে এসেই বাজেটের সমালোচনা করতে হবে বলে তিনি মনে করেন।
এর আগে, মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল প্রশ্ন তোলেন-
একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কি সব নিয়ম-শৃঙ্খলার উর্ধ্বে। কারা সংসদকে অকার্যকর করছে। তারা প্রশ্ন তুলে কেনো সংসদে উপস্থিত থাকছেন না?
তিনি বিরোধীদলের সমালোচনা করে বলেন, এটাই একমাত্র সংসদ যেখানে বিরোধীদলীয় নেতা সংসদে আসেন না। তারা শুধু বাড়ি, ছেলে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলছেন।
বাদল ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "কেউ সংসদের কার্যপ্রণালী বিধি লংঘন করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন? এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি।"
বিএনপি'র বাজেট প্রস্তাবের ওপর প্রথমে বক্তব্য রাখেন ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, "এই বিকল্প বাজেট পেশ সংসদ অবমাননার সামিল। অর্থমন্ত্রী বাজেট দেবেন। তার আগেই তারা কীভাবে জানলেন- কোথায় কর বাড়বে, কোন পণ্যে কর কমবে ? উনি (খালেদা জিয়া) কি ফেরেশতা?"
ফজলে রাব্বী দাবি জানান যে, বিরোধী দলের এ ধরনের আচরণের বিষয়ে হাউজে একটা সিদ্ধান্ত হওয়া উচিত।
পয়েন্ট অফ অর্ডারের আগেই সুরঞ্জিত 'কন্সটিটিউশনাল কোর্ট' নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে স্লিপ পাঠান। এরপর, পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে দাড়ালে সুরঞ্জিতকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, "কন্সটিটিউশনাল কোর্ট নিয়ে কিছূ বলতে চাইলে নোটিশ দিন। সঠিক পদ্ধতি অবলম্বন করুন। আমি আপনাকে পয়েন্ট অফ অর্ডার দেবো না।"
এরপর, ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন ডেপুটি স্পিকার। এই পরো সময়টাই সুরঞ্জিত দাঁড়িয়ে থাকেন। পরে, পয়েন্ট অফ অর্ডারে মইনুদ্দিন খান বাদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন শওকত আলী। এসময়, সুরঞ্জিত ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "আমি বসবো না। এভাবে তো আপনি হাউজ চালাতে পারবেন না। আপনি কার্যপ্রণালী বিধির ৩০১ ধারা পড়ে দেখেন।"
জবাবে স্পিকার বলেন, "আমি পড়েছি।"
সুরঞ্জিত না বসে এ ব্যাপারে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময়, সাজেদা চৌধুরী কিছূ বলার জন্য দাঁড়ান। কিন্তু, তার আগেই মইনুদ্দিন খান বাদল বক্তব্য দেওয়া শুরু করলে সাজেদা বসে পড়েন। বাদলের বক্তব্য শেষ হলে উপনেতা দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, "আপনি সংসদের অভিভাবক। আমরা তো দরকারের কথা বলতে চাইবো। আপনি অনুগ্রহ করে শুনবেন বলে আশা করি। সুরঞ্জিত সেনগুপ্ত অভিজ্ঞ সাংসদ। তাকে কিছুক্ষণের জন্য মাইক দেন।"
এরপর, ডেপুটি স্পিকার সুরঞ্জিতকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
বিএনপি'র এই বাজেট প্রস্তাবের সমালোচনা করে আরো বক্তব্য রাখেন মহিউদ্দিন খান আলমগীর এবং আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১৪ ঘ.
bdnews24