২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের মুক্তি দাবিতে পেশাজীবীদের গণঅনশন

আমার দেশ-এর প্রকাশনা বাতিল প্রত্যাহার ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও পেশাজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ-এর প্রকাশনা বাতিল প্রত্যাহার ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও পেশাজীবীরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সাজানো মামলায় একজন সম্পাদককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে বর্তমান সরকার একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে সরকার বেআইনিভাবে বহুল প্রচারিত আমার দেশ বন্ধ করে দিয়ে প্রমাণ করেছে, তারা সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী নয়। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শফিক রেহমান, আতাউস সামাদ, এরশাদ মজুমদার, আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, এলাহী নেওয়াজ খান সাজু, সৈয়দ আবদাল আহমদ, মুস্তাহিদ ফারুকী, জাহেদ চৌধুরী, ফখরুল আলম কাঞ্চন, আলাউদ্দিন আরিফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ। অনশন কর্মসূচিতে সংহতি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, নজরুল ইসলাম মঞ্জু, শহীদ উদ্দিন চৌধুরী, শাম্মী আকতার, নিলুফার চৌধুরী মনি, মারুফ কামাল খান সোহেল, ড্যাব নেতা অধ্যাপক এ জেড এম জাহেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী সেলিম ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯৩৮ ঘ.