২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ও বান্দরবানে তিন লাশ

ফেনীর দাগনভূঞা উপজেলার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ফেনী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বান্দরবানের লামা উপজেলায় উদ্ধার করা হয়েছে একজনের লাশ। মঙ্গলার সকালে সংশ্লিষ্ট থানা পুলিশ এসব লাশ উদ্ধার করে। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি জানান, দাগনভূঞা উপজেলায় দক্ষিণ করিমপুর গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। তার বয়স আনুমানিক ৩২ বছর। এছাড়া সকালে একই উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামের ব্যবসায়ী নূর আলমের (৫৫) লাশ তার বাড়ির পাশের খালে পাওয়া যায়। দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান মো. ফেরদৌস সাংবাদিকদের জানান, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে গেছে। তার মুখে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অপরদিকে সকালে পূর্বচন্দ্রপুরের একটি খাল থেকে নূর আলমের লাশটি উদ্ধার করা হয়। ওই গ্রামের আবদুল খালেকের ছেলে নুর আলম গাছের ব্যবসা করতেন। নুর আলমের চাচাতো ভাই আবুল হাশেম জানান, সোমবার রাতে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। হাশেম বলেন, "নূর আলমের উচ্চ রক্তচাপ ছিলো। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।" স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাই সবুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বান্দরবান প্রতিনিধি জানান, লামা উপজেলার দরদরিপাড়া থেকে নুরুল কবির (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুল দরদরিপাড়ার সিরাজুল হকের ছেলে। লামা থানার ওসি মোহাম্মদ হোসেন জানান, স্থানীয় লোকজন দরদরিপাড়ার একটি খোলা জায়গায় সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় পুলিশ ৪টি বিষের বোতল, দুই জোড়া জুতা, ৩টি আরসি কোলার (কোমল পানীয়) বোতল উদ্ধার করে। পূর্ব শত্র"তার জের ধরে কেউ আরসি কোলার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/আরএ/এমএসবি/১৭৩৫ ঘ.