২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়িতে আরেকটি ভবন ভাঙবে রাজউক

রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা মাদ্রাসা ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী শনিবার ভবনটি ভাঙা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা মাদ্রাসা ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী শনিবার ভবনটি ভাঙা শুরু হবে। মঙ্গলবার রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "মধ্য বেগুনবাড়ির হাতির ঝিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত আহসান উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চারতলা ভবনটি শনিবার সকাল ১০টায় ভাঙা শুরু হবে।" উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাততলা ভবনটি তৃতীয় দিনের মতো মালিকের লোকজনের পাশাপাশি রাজউকের শ্রমিকরা ভাঙছে বলেও তিনি জানান। গত সোমবার শফিকুল জানান, পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে ৫ জুন হেলে পড়া পাঁচতলা বাড়িটি ভাঙার কাজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা উত্তর বেগুন বাড়ির সাততলা বাড়িটি ভাঙার কাজ তদারকি করছেন। কাজ এগিয়ে চলছে জানিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাঁচতলা পর্যন্ত ভাঙা হয়েছে। রাজউকের শ্রমিকদের সঙ্গে মালিকের লোকজনও কাজ করছে।" গত ৪ জুন উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা বাড়িটি উত্তর দিকে হেলে পড়ে। এরপর বাড়ির সব লোক অন্যত্র চলে যায়। ভেঙে ফেলার জন্য বাড়ির প্রাচীরে নোটিশ টানিয়ে দেয় রাজউক। এর আগে ১ জুন মধ্য বেগুনবাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হয়। তারপর থেকে ওই এলাকায় অনুমোদনহীন ভবন ভাঙার এই অভিযান শুরু করেছে রাজউক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/১৬১৫ ঘ.